ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে আহত রজব আলী (২০) মৃত্যুর পর গ্রাম ছেড়ে পালিয়েছেন প্রতিপক্ষের ৩০টি পরিবারের মানুষ। এই সুযোগে তাদের বাড়িঘরে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এমনকি কেটে নেওয়া হচ্ছে ক্ষেতের ফসলও। ওই যুবকের মৃত্যুর পর সাবেক ইউপি সদস্য করিমকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা ইছুব আলী।
আসামি পক্ষের লোকদের দাবি, গত ১৬ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রজব আলীর মৃত্যুর খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই তাদের বাড়িতে হামলা ও লুটপাট শুরু করে। পুলিশের কাছে লুটপাটের বিষয়ে মামলা করতে চাইলে পুলিশ মামলা নিচ্ছে না। এদিকে কৌশলে বিবাদী পক্ষের লোকজন আসামি পক্ষের লোকদের বাড়ি পাহারার ব্যবস্থা করে। সারদিন পাহারা দিয়ে রাতে আসামি পক্ষের লোকদের বাড়িতে লুটপাট চালায়। এছাড়া বাড়িতে মানুষজন না থাকায় তাদের মাঠের পাকা ধানও কেটে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ১০ টাকার চাল ও টিসিবির পণ্যসহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নিহতের বাবা ইছুব আলী বলেন, আমাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যে। আমাদের পক্ষের কোনো লোক লুটপাট করেনি। বরং তাদের ঘরের সকল মালামাল নিজেরাই সরিয়ে নিয়ে গেছে। তাদের মালামাল রক্ষা করার জন্য আমরা সারারাত পাহারা দেই।

স্থানীয়রা জানান, যুবকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছলে আতঙ্কিত হয়ে আসামি পক্ষের ৩০টি পরিবারের নারী-শিশুসহ শতাধিক মানুষ গ্রাম ছেড়ে পালায়। তাদের ঘরবাড়ি অরক্ষিত ভাবে পড়ে আছে। ওই পরিবারগুলোর মাঠে থাকা প্রায় ৫ বিঘা পাকা ধান কেটে নিয়ে গেছে নিহতের পরিবারের লোকজন। তাদের ঘরের ভিতর নেই কোনো জিনিসপত্র।
আসামি পক্ষের অভিযোগ, একটি হত্যাকাণ্ডকে পুঁজি করে ৩০ পরিবারের ৪০টি গরু, ৬টি ষাঁড়, প্রায় দুইশ হাঁস-মুরগী, ৫ বিঘা পাকা ধান ও বিভিন্ন আসবাবপত্র লুট করে নিয়ে গেছে নিহতের পরিবারের স্বজনরা। তাদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে শিশুসহ প্রায় শতাধিক নারী-পুরুষ।
চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ জানান, লুটপাটের কোনো ঘটনা আমার জানা নেই।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, মামলা হয়েছে। দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। বাড়িঘরে লুটপাট হয়েছে এমন সংবাদ পেয়েছি। তবে তদন্ত করে আইনগত ভাবে ব্যবস্থা নেবো।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামে দুই বন্ধু মধ্যে ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরে ১৬এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায় রজব আলী।
ইত্তেফাক/এসি

