স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারের একদম শুরুতেই বিশ্বকাপ ক্রিকেটের মতো মহা আসর জিতে ফেলেছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। অথচ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে পাওয়া মেডেল বাসা বদলের সময় হারিয়ে ফেলেছেন ইংলিশ ফাস্ট বোলার। হারানো সম্পদ এক সপ্তাহ ধরে খুঁজে এখন তিনি হয়রান।
সম্প্রতি নিজের আগের বাসা বদলে নতুন ফ্ল্যাটে উঠেছেন আর্চার। বিবিসির সঙ্গে আলাপচারিতায় ২৫ বছর বয়সি আর্চার জানালেন, জিনিসপত্র টানাটানিতেই খোয়া গেছে সেই মেডেল।
আর্চার বলেন, ‘আমার একটি ছবি এঁকে উপহার দিয়েছিলেন এক জন। দেয়ালে টাঙানো সেই ছবির ওপর মেডেলটি ঝুলিয়ে রেখেছিলাম। সম্প্রতি নতুন ফ্ল্যাটে উঠেছি। ছবিটা আবার দেয়ালে টাঙিয়েছি, কিন্তু মেডেল পাচ্ছি না।’
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে বড়ো অবদান ছিল আর্চারের। ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সফলতম বোলার। ফাইনালে শিরোপা নিশ্চিত হওয়া সুপার ওভারটিতে বোলিং করেছিলেন তিনিই। তিনি বলেন, ‘এক সপ্তাহ ধরে তন্নতন্ন করে সেটি খুঁজেছি। এখনো পাইনি। আমি জানি, বাসাতেই কোথাও না কোথাও সেটি আছে। খোঁজা তাই বন্ধ করছি না। তবে সত্যি বলতে, খুঁজতে খুঁজতে এর মধ্যেই প্রায় পাগল হয়ে গেছি।’
