স্পোর্টস ডেস্ক
রোনালদিনহোর সঙ্গে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সখ্যতা বেশ পুরোনোই। বর্তমানে প্যারাগুয়ের ভিসাসংক্রান্ত ঝামেলায় জড়িয়ে জেলে আছেন রোনালদিনহো। বন্ধুর এমন দুর্দিনে ম্যারাডোনা তার পাশে এসে দাঁড়ালেন, জানালেন তার বন্ধু অপরাধী নন।
সম্প্রতি ব্রাজিলীয় সাবেক এই ফুটবলার জাল কাগজপত্র দেখিয়ে প্যারাগুয়েতে ঢোকার কারণে প্যারাগুইয়ান জেলে আটক আছেন। যদিও সাবেক বার্সেলোনা ও এসি মিলান মিডফিল্ডার সব ধরনের অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থন করছেন।
সম্প্রতি লাতিন দৈনিক এল দিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যারাডোনা বলেন, ‘রোনালদিনহোর সঙ্গে যা হয়েছে তা আমাকে দুঃখ দেয়। সে অপরাধী নয়, কেবলমাত্র কাজেই সেখানে গিয়েছিল সে।’
ম্যারাডোনা আরো মনে করেন, খ্যাতিই কাল হয়ে দাঁড়িয়েছে রোনালদিনহোর জন্যে। তিনি বলেন, ‘যেমন মনে হচ্ছে, তার একমাত্র সমস্যাটা হচ্ছে তার খ্যাতি। সে আমার বন্ধু এবং তাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত সমর্থন করে যাব।’
করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পৃথিবী, ক্রীড়াবিশ্বও মুখোমুখি হয়েছে অভূতপূর্ব চ্যালেঞ্জের। করোনার কারণে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা ছুঁয়ে গেছে ম্যারাডোনাকেও। তিনি বলেন, ‘অর্থনীতি আগের থাকবে না। নেতাদেরকে এ পরিস্থিতি সামাল দিতে কঠিন পরিশ্রমই করতে হবে।’ তবে আর্জেন্টাইন ফুটবল নিয়ে দুশ্চিন্তা নেই দেশটির সাবেক বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। জানালেন বর্তমান বোর্ডে আস্থা আছে তার। ম্যারাডোনার ভাষ্য, ‘ভাগ্যক্রমে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে আমাদের দারুণ কিছু নেতা আছেন। এবং আমি নিশ্চিত যে তারা সেরা সিদ্ধান্তগুলোই নেবেন।’
