স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে করোনা ভাইরাসের স্থগিতাদেশ কাটিয়ে অনুশীলনে ফিরছে আর্সেনাল। ইএসপিএন জানাচ্ছে, ইংল্যান্ডে এখনো লকডাউন শিথিল করা না হলেও, আর্সেনাল সেটা উপেক্ষা করেই আগামী সপ্তাহে অনুশীলনে ফিরতে যাচ্ছে।
তবে কঠোর নিয়ম মেনে তবেই মাঠে নামবেন আর্সেনাল খেলোয়াড়রা। ফুটবলারদের প্রত্যেকে নিজঘর থেকে অনুশীলনের জার্সি পরে নিজ যানবাহনে উঠবেন। অনুশীলন মাঠের সব দালানও বন্ধ থাকবে অনুশীলনের সময়ে। অনুশীলন শেষেই সরাসরি বাসায় পৌঁছাবেন তারা, স্বাভাবিক সময়ে যেখানে গোসল ও দুপুরের খাবার খেয়ে তবেই ক্লাব ছাড়তেন মেসুত ওজিলরা।
অনুশীলনের সময়ে ছোটো ছোটো গ্রুপে থাকতে হবে, মানতে হবে সরকারের আরোপ করা সামাজিক দূরত্বের নিয়মও।
এর আগে গত ১২ মার্চ কোচ মিকেল আর্তেতার করোনা আক্রান্ত হবার খবর প্রকাশ করে আর্সেনাল। যার পরই গানারদের ব্রাইটনের বিপক্ষে ম্যাচটি স্থগিত হয়। এরপর অবশ্য পুরো প্রিমিয়ার লিগই অনির্দিষ্টকালের জন্যে স্থগিত ঘোষণা করা হয়।
