একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ১ হাজার ৮৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল থেকে ১ হাজার ৭৩৩ জন এবং বাকি ১২৮ জন প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। নিবন্ধিত দলের মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ২৯৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন, বিএনপির ধানের শীষ প্রতীকে ২৮২ জন এবং জাতীয় পার্টি-জাপার লাঙ্গল প্রতীক নিয়ে ১৭৫ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার ইসির ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সব কয়টি দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আওয়ামলীগসহ ৫টি নিবন্ধিত রাজনৈতিক দল ২৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটের প্রধান শরিক দল আওয়ামীলীগ এককভাবে ২৬০টি আসনে, রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৫টি, হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৩টি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ ৩টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন ১টিসহ মোট ২৭২টি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছে। বাকি ২৬টি আসন আওয়ামীলীগের শরীক দল জাপাকে ছেড়ে দিয়েছে। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে আরো ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীকে ৮টি, বিকল্পধারা বাংলাদেশ কুলা প্রতীক নিয়ে ২৩টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে ১৬টি আসনে জোটের বাইরে নির্বাচন করছে। জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল) ১১টি আসনে নিজস্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অন্যদিকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বিএনপিসহ ৯টি নিবন্ধিত রাজনৈতিক দল ২৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি এককভাবে (জামায়াতের ২২টিসহ) ২৫৭টি আসনে, কর্ণেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে ৪ জন, কাদের সিদ্দীকির কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৩ জন, অ.স.ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে ৪ জন, আন্দালিব রহমান পার্থের বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে ৩ জন, ড. কামাল হোসেন-এর গণফোরাম থেকে ৭ জন, মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন এবং খেলাফত মজলিশ থেকে ২ জন ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। বাকি ১৭টি আসনে বিএনপি তথা ধানের শীষের প্রতীকের প্রার্থী আদালত কর্তৃক বাতিল হওয়ায় কোন প্রার্থী নেই। নির্বাচনে ৮ বিকল্প প্রার্থীকে সমর্থন দিয়েছে বিএনপি। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও অন্য ৫টি আসনে দলটির বিকল্প প্রার্থী রয়েছে। প্রার্থী বাতিল হওয়ার কারণে ঢাকা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, বগুড়া-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবুল, সিলেট-২ আসনে মুকাব্বির খান, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলেয়া বেগম, মানিকগঞ্জ-৩ আসনে মফিজুল ইসলাম, নীলফামারী-৪ আসনে বেবী নাজনীন, জামালপুর-১ আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল হক, চাঁদপুর-৪ আসনে লায়ন হারুন অর রশীদ। ১টি আসনে কর্ণেল অলি কুলা প্রতীকে নির্বাচন করায় সেখানে বিএনপি কোন প্রার্থী দেয়নি।
এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি দলীয় প্রতীক ছাতা নিয়ে আরো ৪ জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীকে ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি তারা প্রতীকে ১৫ জন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি গরুর গাড়ি প্রতীকে ২ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে ৫ জন, গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে ২১ জন এবং বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকে ১ জন এবং খেলাফত মজলিশের দেয়ালঘড়ি প্রতীকে ১০ জন প্রার্থী আলাদাভাবে নির্বাচন করছেন।
বাংলাদেশের সাম্যবাদী দল-(চাকা) ২ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে) ৭৪ টি, গণতন্ত্রী পার্টি (কবুতর) ৬টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়ে ঘড়) ৯টি, জাকের পার্টি (গোলাপ ফুল) ৯০ টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই)-৪৪টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ২৪ টি, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ৪৮টি, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ৭৯টি আসনে প্রার্থী রয়েছে। এছাড়াও গণফ্রন্টের (মাছ) ১৩ জন, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ) ১৪টি, বাংলাদেশ ন্যাপ (গাভী)-৩ জন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)-১১ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ১৮জন, ইসলামী ঐক্যজোট (মিনার) ২৫ জন, বাংলাদেশ খেলাফত মজলিম (রিকশা) ৫ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২৫জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (হুক্কা) ৪জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ২৮ জন, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ১ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ২ জন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৫৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
