এবার লা মাসিয়া নিয়ে ধারাবাহিক

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২০:৫৯

শেষ এক দশকে ঘরোয়া ও ইউরোপীয় পরিসরে বার্সেলোনার আধিপত্যের প্রধান কারণ ছিল ক্লাবটির একাডেমি লা মাসিয়া। এবার একে নিয়ে টেলিভিশন ধারাবাহিক তৈরির সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। গত শুক্রবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এ খবর জানায় তারা। ক্লাবেরই প্রযোজনা সংস্থা বার্সা স্টুডিওসের প্রযোজনায় তৈরি হবে প্রামাণ্যচিত্রটি। জাভি, ইনিয়েস্তা কিংবা ভবিষ্যত্ লিওনেল মেসি হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাবে আছে যেসব শিশু-কিশোর, তাদের নিয়ে কাল্পনিক এক চিত্রনাট্য লেখার কাজ করছেন আলবার্তো এস্পিনোসা। বছরের শেষে শুরু হবে চিত্রগ্রহণ। এর আগে গেল বছর খেলা শুরুর আগে পরের ঘটনাগুলোকে ম্যাচডে নামক এক প্রামাণ্যচিত্রে দেখিয়েছিল ক্লাবটি। আর ২০১৪-১৫ মৌসুম শেষে ক্লাবের ইতিহাস নিয়ে বানানো হয়েছিল বার্সা ড্রিমস নামক চলচ্চিত্রটি।