হতদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ :৩০ মে পর্যন্ত কিস্তি আদায় বন্ধ গ্রামীণ ব্যাংকের

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:১৭

৩০ মে ২০২০ পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখবে গ্রামীণ ব্যাংক। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গ্রামীণ ব্যাংক ইতিমধ্যে হতদরিদ্র সদস্যদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছে। সম্প্রতি শুরু করা এই খাদ্যসহায়তা কর্মসূচিতে এ পর্যন্ত ১৬ হাজার ৬৫৬টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী ২ মাস ৩০ হাজার হতদরিদ্র (সংগ্রামী সদস্য ও ভিক্ষুক) সদস্য পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হবে।

প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ২ কেজি লবণ, ৪ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, ৪টি সাবান ও নগদ ৬০০ টাকাসহ ৩ হাজার ২০০ টাকার সামগ্রী প্রদান করা হবে। প্রতিটি পরিবারকে দুই মাসে দুই বার এ খাদ্যসহায়তা প্রদান করা হবে। বর্তমান করোনা পরিস্থিতির কারণে ২৯ মার্চ ২০২০ থেকে ২৩ এপ্রিল ২০২০ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা হয়। সার্বিক পরিস্থিতি উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বিধায় ৩০ মে ২০২০ পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি