ছোটো যমুনা নদী এখন মরা খাল!

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:২২

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর বদলগাছীতে ছোটো যমুনা নদী তার যৌবন হারিয়ে বালুচরে পরিণত হয়েছে। নদীর বুক জুড়ে বোরো ধানসহ বিভিন্ন ফসল চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দলগাছী উপজেলার কোল ঘেঁষে প্রবাহিত ছোটো যমুনা নদীতে বর্ষার মৌসুমে এক/দুই মাস পানি থাকে। বাকি সময় চরে চলে চাষাবাদ। অথচ এই নদীই ছিল এক সময় এই এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। কিন্তু সে সব এখন শুধুই স্মৃতি। বর্তমানে ছোটো যমুনা নদীই নিষ্প্রাণ, মরা খালে পরিণত হয়েছে।  বদলগাছীর কাদিবাড়ী ঘাটে প্রবীণ সাধু মাঝি বলেন, নদীতে নৌকা চলে না। তেজাপাড়া গ্রামের আশাফউদ্দীন, মজিবর রহমান, ভুট্টুসহ অনেকেই বলেন, আমরা নদী শুকনো পেয়ে শুধু বোরো মৌসুমে ধান চাষ করি। উপজেলা কৃষি অফিসার মো. হাসান আলী বলেন, উপজেলাতে ছোটো যমুনা নদীতে প্রায় ১৫ থেকে ১৮ হেক্টর নদীর চরে ধান চাষ হয়েছে। উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খান বলেন, নদী খননের কোনো ব্যবস্থা না থাকায় নদী দখল হয়ে যাচ্ছে। এ বিষয়ে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুধাংশু কুমার মন্ডল বলেন, খননের মাধ্যমে ছোটো যমুনা নদীর অবস্থার পরিবর্তন সম্ভব।