করোনা রোগীর সেবা অব্যাহত থাকবে
হবিগঞ্জ প্রতিনিধি
চিকিত্সক থেকে শুরু করে নার্স, আয়া, অ্যাম্বুলেন্স চালক করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জের ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাসেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এনিয়ে জেলার তিনটি হাসপাতালে সেবা বন্ধ করা হলো। এর আগে লাখাই ও চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্স দুটোতে সেবা কার্যক্রম বন্ধ করা হয়েছিল। শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের একজন চিকিত্সক, দুই জন নার্স, দুই জন প্যাথলজিস্ট, একজন ব্রাদার, একজন ক্লিনার, দুই জন আয়া, দুই জন অ্যাম্বুলেন্স চালক করোনা শনাক্ত হন। এ পর্যন্ত তিন হাসপাতালে মোট ১৭ জনের মধ্যে তিন জন চিকিত্সক রয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জল জানান, উদ্ভূত পরিস্থিতিতে আগামী তিন দিনের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল বন্ধ করা হয়েছে তবে করোনা রোগীর সেবা অব্যাহত থাকবে।
এদিকে করোনা আক্রান্ত হয়ে চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের শ্রমিকের শিশুপুত্র আবাস তন্তবায় (৫) সিলেট শামছুদ্দিন হাসপাতালে শনিবার রাতে মারা গেছে। করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জ জেলায় সে প্রথম মৃত্যুবরণকারী। গত ১০ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা মাইক্রোবাস চালকের শরীরে প্রথম করোনা শনাক্ত হয়। আইইডিসিআর ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে শনিবার রাত পর্যন্ত ৪৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
