দিনাজপুরে পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:২৩

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

করোনা ভাইরাস শনাক্তকরণে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে শুরু হয়েছে পিসিআর (পলিমার চেইন রিঅ্যাকশন) ল্যাবের কার্যক্রম। প্রথম দিনেই দিনাজপুর ও পঞ্চগড় জেলার ৩৪টি নমুনা শনাক্তের পরীক্ষা সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ১২টায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম আনুষ্ঠানিকভাবে এই পিসিআর ল্যাব এবং পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, এই ল্যাব থেকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলার নমুনা পরীক্ষা করা হবে। এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. শিবেশ সরকার জানান, বর্তমানে এই ল্যাবে প্রতিদিন একটি শিফটে ৯৪ জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। তবে দুই শিফটে উন্নিত করা গেলে নমুনা দ্বিগুণ করা সম্ভব। একটি শিফটে পরীক্ষা সম্পন্ন করতে চার ঘণ্টা সময় লাগবে। পিসিআর ল্যাবে যারা কাজ করবেন তাদের সুরক্ষা সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে বলে জানান তিনি।