নেত্রকোনায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:২৫

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার হাওরে ধান কাটার সঙ্গে সঙ্গে ধান চাল সংগ্রহ অভিযানও শুরু হয়ে গেছে। রবিবার নেত্রকোনার হাওর উপজেলা মোহনগঞ্জ খাদ্য গুদামে জেলা প্রশাসক মঈনউল ইসলাম সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো ধান কিনে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। প্রতি কেজি ধান ২৬ টাকা এবং প্রতি কেজি চালের ক্রয় মূল্য ধরা হয়েছে ৩৬ টাকা। ধান চাল ক্রয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল প্রমুখ। জেলা খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন জানান, জেলায় ৫২ হাজার ৬৮৩ টন ধান এবং চাল সংগ্রহ করা হবে। এরমধ্যে ১৫ হাজার ৬৮৩ টন ধান এবং ৩৬ হাজার ৫২৪ টন চাল রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহ চলবে বলে তিনি উল্লেখ করেন।