বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে :ইসি সচিব

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৫১

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। গতকাল শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি। মূলত নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আসা বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন। এ সময় পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পর্যবেক্ষকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও গাড়ির ব্যবস্থা করা হয়েছে। যেকোনো বিষয়ে নির্বাচন কমিশন তাদের সহযোগিতা দেবে। তিনি বলেন, দু’একটি স্থানে নির্বাচন নিয়ে বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও এখনো বড় ধরনের কোনো সংঘাত হয়নি। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে। এসময় তিনি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশ্নের দেন।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে আসার জন্য বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের স্বাগত জানান।

জানা গেছে, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সুবিধার্থে হোটেল সোনারগাওঁয়ে দু’টি মিডিয়া সেন্টার খোলা হয়েছে। বিদেশিদের জন্য আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত এ মিডিয়া সেন্টার চালু থাকবে। এখান থেকে যাবতীয় তথ্য দেওয়া হবে। মিডিয়া সেন্টারে বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত পরামর্শও দেওয়া হবে।

এবারের সংসদ নির্বাচনে ৯টি আন্তর্জাতিক সংস্থা ও ১২টি বিদেশি মিশনের ১৮৮ জন বিদেশি পর্যবেক্ষক থাকবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের ৬৫ জন সাংবাদিক এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।