বছর খানেক ধরে জনসাধারণকে জরুরি সেবা দিচ্ছে ৯৯৯। এবার নির্বাচনকে কেন্দ্র করে সেই সেবার তালিকায় যোগ হলো ভোট কেন্দ্র কেন্দ্রিক সেবা। নির্বাচনে যে কোনো ভোট কেন্দ্রের সমস্যায় সাড়া দেবে-৯৯৯। কোনো ভোট কেন্দ্রে দখল, মারামারি, জাল ভোট দান, কোনো প্রকার গণ্ডগোল বা সমস্যায় ৯৯৯-এ ফোন করা যাবে। যে কেউ এই নাম্বারে ফোন করে এসব তথ্য জানাতে পারেন। তাদের তথ্য অনুযায়ী সেই কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন সংক্রান্ত কোনো গুজব নজরে এলে, সে বিষয়টিও যাচাই-বাছাই করতে ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা নেওয়া যাবে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, ভোট কেন্দ্র ভিত্তিক কোনো জরুরি সহায়তার জন্য ট্রিপল নাইনকে ফোন করা যাবে। ট্রিপল নাইন ফোনটি সংশ্লিষ্ট থানা বা জেলার সমন্বয়কারী টিমের কাছে দিয়ে দিবে।
মাঠে আরও থাকবে ফ্রিকোয়েন্স রেসপন্স টিম। কেন্দ্রভিত্তিক টিমগুলোকে জরুরি সেবা দেওয়ার জন্য তারা কাজ করবে। এর পাশাপাশি সার্বক্ষণিক সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে সাইবার জগতে গুজব বা উসকানিমূলক তথ্য বা মিথ্যাচার ছড়ানোয় যারা কাজ করবেন তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, নাশকতাসহ যে কোনো ধরনের সহিংসতামূলক ঘটনা ঘটলে ভূক্তভোগী ভোটার ট্রিপল নাইনে ফোন দিয়ে সহায়তা চাইতে পারবেন। অগ্নিসংযোগের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ‘দি লাইফ সেভিং ফোর্স’ এর প্রায় ৬ হাজার সদস্য প্রস্তুত থাকছে। সারাদেশে এজন্য ১ হাজার মোটরসাইকেলের মাধ্যমে টহল চলবে ফায়ার সার্ভিসের। পাশাপাশি ওয়াটার টেন্ডার, ফোর হুইলার, ই-টেন্ডারসহ সব শক্তি মাঠে থাকবে।
পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। এতে জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। গুজবের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে ট্রিপল নাইনে ফোন দেওয়া যাবে।
এ ব্যাপারে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বলেন, যদি কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করতে না পারে, সে ক্ষেত্রে সেবা গ্রহীতার মোবাইল ফোন নম্বরটি রেখে দিবে। দ্রুত সময়ের মধ্যে তা তদন্ত করে ট্রিপল নাইন ওই ব্যক্তিকে জানিয়ে দিবে।
