মন্ত্রীর গানম্যানের গুলিতে নিহত শহিদ ও মহিমের পরিবারে জ্বলছে না চুলা

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:৪৯

হত্যার বিচার নিয়ে দুই পরিবারের সংশয়

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের গানম্যান কিশোর কুমারের গুলিতে নিহত শহিদ ও মহিমের পরিবারে গত ১০ দিনেও চুলা জ্বলেনি। পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটিকে হারিয়ে দুটি পরিবার অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছে। এখনো থামেনি শহিদ ও মহিমের স্বজনদের কান্নার আহাজারি। দুই পরিবারের লোকজনের দাবি— পরিকল্পিতভাবেই গানম্যান এএসআই কিশোর কুমার তাদের খুন করেছে। মামলা হলেও ন্যায়বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা।

মির্জাপুর ও  কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী কুতুবদিয়া এলাকায় গত ১৬ এপ্রিল রাতে তাদের গুলি করে কিশোর। গানম্যান এএসআই কিশোরের বাড়ি কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে। পিতার নাম নারায়ণ চন্দ্র। র্যাব, ডিবি ও পুলিশ যৌথ অভিযানে গত ১৭ এপ্রিল আশুলিয়া থানার শিমুলিয়া থেকে কিশোরকে গ্রেফতার করে। ওসি (তদন্ত) মো. ছানোয়ার হোসেন সাংবাদিকদের জানিয়েছেন— কিশোর কুমারের নামে পুলিশের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা এবং নিহত শহিদের স্ত্রী মনোয়ারা বেগম একটি হত্যা মামলা করেছেন। মহিম মারা যাওয়ার পর মহিমের স্ত্রী পারভীন বেগম বাদী হয়ে আরো একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

গতকাল রবিবার শহিদের স্ত্রী মনোয়ারা বেগম ও বৃদ্ধা মা মাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, পরিবারের একমাত্র উপার্জনশীল শহিদকে হারিয়ে আমরা অসহায় ও নিঃস্ব হয়ে পড়েছি। গত কয়েক দিন চুলায় আগুন জ্বলেনি। কীভাবে এখন সংসার চলবে এ নিয়ে চরম হতাশার মধ্যে আছি আমরা। একমাত্র কন্যা সুবর্নার ভরণপোষণের দায়-দায়িত্ব কে নেবে তা নিয়ে এখন চিন্তায় পড়েছেন শহিদের পরিবার। তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে শহিদকে গুলি করে হত্যা করেছে ঘাতক কিশোর। তারা ঘাতকের ফাঁসির দাবি জানান।

 

 

০