বাংলাদেশকে ১ লাখ ট্যাবলেট ও ৫০ হাজার গ্লাভস দিল ভারত

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:১০

করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশকে চিকিত্সাসহায়তার দ্বিতীয় চালান হস্তান্তর করেছে ভারত। গতকাল রবিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে একটি সহযোগিতামূলক আঞ্চলিক প্রচেষ্টার লক্ষ্যে গত ১৫ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সার্ক নেতাদের নিয়ে একটি ভিডিও সম্মেলন করেছিলেন। বাংলাদেশের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ১ লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার জীবাণুমুক্ত সার্জিকাল ল্যাটেক্স গ্লাভস সমন্বিত জরুরি চিকিত্সা সরবরাহের দ্বিতীয় চালানটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। হাইকমিশনার কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারকে ভারতের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এসময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রয়োজনীয় চিকিত্সা ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে ভারত থেকে অব্যাহত সহায়তার প্রশংসা করে বলেন, সংকটময় সময়ে প্রতিবেশী বন্ধুর সহায়তাকে আমরা স্বাগত জানাই।

এর আগে গত ১৫ মার্চ নরেন্দ্র মোদির ঘোষণায় ভারতের ১০ মিলিয়ন ডলার প্রাথমিক সহায়তা নিয়ে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। এই তহবিলের অধীনে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিত্সাসহায়তার প্রথম চালান গত ২৫ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে হস্তান্তর করা হয়।