মানিকগঞ্জের সিংগাইরের কয়েকটি বাজারে গতকাল ৩০০-৩৫০ টাকা কেজিতে আদা বিক্রি হচ্ছিল। হঠাত্ই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজারে অভিযান চালায়। এরপর আদার দাম কমে বিক্রি হয় কেজিপ্রতি ১৫০ টাকায়। জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে সিংগাইর উপজেলার চারিগ্রাম, সাহরাইল, মানিকনগর, জয়মন্টপ ও বায়রা বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে আদা বিক্রি করায় ছয়টি প্রতিষ্ঠান ও ছয় ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জানান, সকালে সিংগাইর উপজেলার বিভিন্ন বাজার অভিযানে দেখা যায়, প্রায় প্রতিটি বাজারে আদা ৩০০-৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। অথচ পাইকারি বাজারে আদার সর্বোচ্চ দাম ছিল ১৭০ টাকা। পরে অতিরিক্ত মুনাফা আদায়ের দায়ে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ সময় বণিক সমিতি কর্মকর্তা ও ভোক্তা অধিকারের কর্মকর্তা ও ক্যাবের কর্মকর্তার উপস্থিতিতে ব্যবসায়ীদের বেশি মূল্যে বিক্রি বন্ধ করে প্রতি কেজি আদা সর্বোচ্চ ২০০ টাকা করে বিক্রয় করার সিদ্ধান্ত হয়। একইসঙ্গে আদার মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। তিনি জানান, জেলার বিভিন্ন বাজারে এ অভিযান অব্যাহত থাকবে।
