গৃহকর্মীর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা!

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:১৪

রাজধানীর গুলশানে বাসায় ইফতার তৈরি করা নিয়ে ক্ষিপ্ত হয়ে গৃহকর্মী আরজিনা সুলতানা লিলির (১৪) শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত গৃহকর্তা মাজেদ ইবনে কাশেম পারভেজকে আটক করেছে গুলশান থানা পুলিশ। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সাদেক মিয়া আসামি মাজেদ ইবনে কাশেম পারভেজকে আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, আরজিনা সুলতানা লিলি গুলশান-১ নম্বরের সি ব্লকের ৮ নম্বর রোডের ২০৫/৩ নম্বর বাড়ির ৭-ডি বাসায় গৃহকর্মীর কাজ করেন। গত শনিবার ইফতার তৈরি নিয়ে গৃহকর্তা মাজেদ ক্ষিপ্ত হন তার ওপর। এ কারণে মাজেদ বেধড়ক মারধর করে লিলিকে। একপর্যায়ে মাজেদ তার শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিলে মেয়েটি চিত্কার করে কাঁদতে থাকে। তার কান্না ও বাঁচাও বাঁচাও চিত্কার শুনে আশপাশের লোকজন গুলশান থানা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে গুলশান থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার ও গৃহকর্তা মাজেদকে আটক করে। এ ঘটনায় লিলি বাদী হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন। এই মামলায় গৃহকর্তা মাজেদ ইবনে কাশেম পারভেজকে কারাগারে পাঠিয়েছে আদালত।