গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলের পাশাপাশি থাকার জায়গায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন :নাসিম

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:৩১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি গার্মেন্টস শ্রমিকদের শুধু কর্মস্থলে নয়, তাদের থাকার জায়গাতেও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ব্যবসার নামে এসব শ্রমজীবী মানুষকে যেন কোনো বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া না হয়। এজন্য গার্মেন্টস মালিকরা তাদের প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী কোনো বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ী শেড করে শ্রমিকদের থাকা, খাওয়া, পয়োনিষ্কাশনসহ সার্বিক ব্যবস্থা নিশ্চিত করতে পারেন। এক্ষেত্রে গার্মেন্টস মালিকের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ও প্রয়োজনীয় সহযোগিতা করতে পারে।

বিবৃতিতে মোহাম্মদ নাসিম বলেন, অর্থনৈতিক গতি চালু করার লক্ষ্যে রপ্তানিমুখী শিল্প গার্মেন্টস সেক্টরের সীমিতসংখ্যক কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনা মেনে বিকেএমইএ ও বিজিএমইএ নেতৃবৃন্দ যে ঘোষণা দিয়েছেন আমরা তা লক্ষ করেছি। এরই মধ্যে বেশ কিছু শ্রমিক ঢাকা, কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ এর আশপাশের এলাকার উদ্দেশে গ্রাম ছেড়েছে বলে মিডিয়াতে খবর এসেছে। আমরা চাই বন্ধ হওয়া কারখানা বাস্তবতার নিরিখে চালু হোক। কিন্তু শ্রমিকসহ সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত না করে গার্মেন্টস চালু হলে চলমান করোনার সময় পরিস্থিতির অবনতি ঘটবে। বিশেষত, যে কারখানাগুলো চালু হবে তাদের শ্রমিক-কর্মচারীদের অবশ্যই শতভাগ মাস্ক এবং নিরাপদ পোশাকসহ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে। শুধু কারখানার অভ্যন্তরে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করলেই হবে না। শ্রমিকরা ছোটো ছোটো বাসায় গাদাগাদি করে বসবাস করে। এই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষগুলো একই ঘরের মধ্যে গায়ে গা লাগিয়ে থাকে। এখানে কীভাবে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে? এখান থেকে তো করোনার প্রকোপ ছড়াতে পারে। বিবৃতিতে তিনি বলেন, ‘আমার অনুরোধ, শ্রমজীবী মানুষেরা বকেয়া বেতন-ভাতা নিয়ে যেন কোনোভাবেই বঞ্চনার শিকার না হয়। মনে রাখা দরকার, তাদের রক্ত-ঘামে এদেশে বিশাল ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে।

প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা খন্দকার

আসাদুজ্জামানের মৃত্যুতে শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর ও বাংলাদেশ সরকারের প্রথম অর্থসচিব, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের (৮৫) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ নাসিম। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।