রংপুরে পাগলাপীর এলাকায় টায়ার ফেটে একটি ট্রাক ব্যাটারিচালিত দুটি অটোরিকশাকে চাপা দেওয়ায় চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার আরো ৯ যাত্রী। গতকাল রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য জানান। ওসি সাজেদুল জানান, ‘নীলফামারীর কিশোরগঞ্জ জেলা থেকে দুটি অটোরিকশায় করে কয়েকজন যাত্রী রংপুরের হাজিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় পার্বতীপুর থেকে আসা একটি ট্রাকের সামনের চাকা ফেটে অটোরিকশা দুটোকে চাপা দেয়। ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়। হাসপাতালে এক জনের মৃত্যু হয়। ট্রাক ড্রাইভার ও হেলপার ঘটনার পরই পালিয়েছেন।’
হাজীগঞ্জে অটোরিকশা চালকের মৃত্যু
এদিকে হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, সড়ক থেকে ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল কাওছার হোসেন (৪৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের। গতকাল হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের জিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো তিন যাত্রী আহত হন। কাওছার হোসেন হাজীগঞ্জ উপজেলার বড়কূল ইউনিয়নের কাজিখিল গ্রামের বাসিন্দা। হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি এ তথ্য জানান।
