সরকারের ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ সীমিত আকারে খোলার সিদ্ধান্ত বলবত্ আছে। উপরন্তু অন্যান্য সব মন্ত্রণালয় ও বিভাগকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার এক চিঠিতে বলা হয়েছে, ঐসব মন্ত্রণালয় ও বিভাগ যদি মনে করে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কেন্দ্র থেকে উপজেলা পর্যন্ত অফিস খোলা রাখা যাবে। গতকাল রাতে জনপ্রশাসন সচিব মো. ইউসুফ হারুন ইত্তেফাককে এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে গত ২৬ মার্চ সাধারণ ছুটির ঘোষণা দেয় সরকার। বন্ধ হয়ে যায় অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, বাজার-ঘাট সব কিছু। চলছে অঘোষিত লকডাউন। অতঃপর ৫ দফা বাড়ানো হয়েছে ছুটির মেয়াদ। এখন ৩১ দিন পর সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সব সরকারি অফিস খুলে দেওয়া হলো গতকাল। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সীমিত পরিসরে জরুরি কাজ চলেছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস শুরু করেছেন। ছুটির মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী ও সচিব, কৃষিমন্ত্রী ও সচিব, সমাজকল্যাণমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ও সচিব, তথ্য সচিব, বাণিজ্য সচিব এবং মত্স্য ও প্রাণিসম্পদ সচিব।
এসব মন্ত্রণালয়ের কয়েক জন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মাঠ পর্যায়ের অফিসগুলো আগে থেকেই খোলা ছিল। এখন অফিস শুরু করেছেন মন্ত্রণালয়ের বেশির ভাগ ডেস্কের কর্মকর্তা-কর্মচারী।
মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলে শুক্রবার নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও গত বৃহস্পতিবার শুধু ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আমরা এর আগে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার নির্দেশনা দিয়েছিলাম। এখন সেটি প্রত্যাহার করে নিয়েছি। এখন সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে খোলা রাখা যাবে। ইউসুফ হারুন আরো বলেন, ঐসব সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের অফিসগুলোও সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলেও নির্দেশনা দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত সাধারণ ছুটিকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা থাকবে।
