মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, করোনা এবং ক্ষুধা মোকাবিলায় সবকিছু করছেন প্রধানমন্ত্রী। করোনা বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেসব সাহসী পদক্ষেপ বাস্তবায়ন করছেন বিশ্বের অন্য কোনো দেশ তা এখনো করতে পারেনি। প্রধানমন্ত্রী শুধু কৃষি উপখাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি মত্স্য চাষি, হাঁস-মুরগি ও পশু খামারিদের মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে এই খাতটি ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং আরো বিকশিত হবে।
মন্ত্রী গতকাল রবিবার পিরোজপুরের নাজিরপুরে তার ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় পর্যায়ে ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান উদ্বোধনকালে এ কথা বলেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পিরোজপুর জেলা ও নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম আরো বলেন, বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এই মুহূর্তে অসচ্ছল মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মন্ত্রী এর আগে পিরোজপুর-১ আসনের কর্মহীন হয়ে পড়া ১২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া মন্ত্রী তার নির্বাচনী এলাকায় করোনা রোগীদের চিকিত্সায় স্বাস্থ্য বিভাগের কাছে অ্যাম্বুলেন্সসহ পাঁচটি গাড়ির চাবি হস্তান্তর করেন।
