বগুড়ার আত্মসমর্পণকারী চরমপন্থি দলের সদস্যদের মধ্যে অনুদান প্রদান

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২২:৩৪

আত্মসমর্পণকারী বগুড়া জেলার চরমপন্থি দলের ১৪ সদস্যের মধ্যে গতকাল রবিবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়। এ সময় এককালীন ৫০ হাজার টাকার এ অনুদান প্রদান করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

বগুড়া পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) রাজশাহী বিভাগের যুগ্ম পরিচালক মো. জহির উদ্দিন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সালাহ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী, এনএসআইর বগুড়ার উপ-পরিচালক মোজাহারুল ইসলাম মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সদর থানার ওসি এস এম বদিউজ্জামান। পুলিশ সুপার তাদের স্বাভাবিক জীবনে থেকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। অনুদান নিতে আসা আত্মসমর্পণকারী চরমপন্থি সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, যে পথে পা দিয়েছিলাম সেটি ছিল শুধুই অন্ধকার। এখন ভালোভাবে বাঁচতে চাই। সুন্দর জীবনযাপন করতে চাই। এ জন্য সরকার ও প্রশাসনের সহায়তা প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বেশ কয়েকটি জেলার ৫৯৫ জন চরমপন্থি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে বগুড়ার এ ১৪ জনও ছিলেন।