বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহামারি মোকাবিলা করতে হলে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। তা না করে সরকার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। লাশের সারি বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আমাদের দেশে হাসপাতালে চলছে সীমাহীন অব্যবস্থাপনা। প্রয়োজনীয় ওষুধ নেই। চিকিত্সার কোনো ব্যবস্থা নেই। মানুষ যাবে কোথায়? চিকিত্সক-নার্সরা ভয় পাচ্ছেন। যারা চিকিত্সা করবে তারা যদি ঝুঁকির মধ্যে থাকে, করোনা আক্রান্ত হয়, তাহলে কে চিকিত্সা দেবে। বিশ্বে যে পরিস্থিতি দেখছি আল্লাহ না করুক আমাদের অবস্থা ঐসব দেশের মতো যেন না হয়!
গতকাল রবিবার নারায়ণগঞ্জের আড়াইহাজারে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান সুমনের উদ্যোগে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়। রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা ১২ লাখ মানুষকে এখন পর্যন্ত ত্রাণ দিতে পেরেছে। তিনি বলেন, জনগণের টাকায় কেনা ত্রাণ সরকারি দলের লোকেরা চুরি করছে। এই ধরনের রাজনৈতিক দল দিয়ে প্রধানমন্ত্রী করোনা মহামারিতে দুর্ভিক্ষ মোকাবিলা করতে পারবেন না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, করোনার বিরুদ্ধে যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল তা নেওয়া হয়নি। গতকাল বলছে সিটিতে গার্মেন্টস খুলে দেবে। সব শ্রমিক আসলে কী ভয়াবহ অবস্থা হবে তা অনুমান করা যায়। একজনের হলে সকলে আক্রান্ত হবে। করোনা ব্যাপক বিস্তার লাভ করতে পারে। সরকারের সমালোচনা করে রিজভী বলেন, প্রতিদিন আমরা ৪০০ থেকে ৫০০ লোকের আক্রান্ত হওয়ার খবর পাচ্ছি। মারা যাচ্ছে বহু লোক। যথাযথ পদক্ষেপ নিলে এত আক্রান্ত হতো না।
