করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং জনগণের দুর্ভোগ মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাক্ষরিত স্মারকলিপিটি গতকাল রবিবার প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছে দেওয়া হয়েছে।
সিপিবির পরামর্শসমূহের মধ্যে রয়েছে—শুধু সরকারি কর্মকর্তা নয়, এই দুর্যোগ মোকাবিলায় অভিজ্ঞ গবেষক ও বিজ্ঞানীদের নিয়ে ‘কোভিড-১৯ টাস্কফোর্স’ গঠন করতে হবে। দেশীয় গবেষকদের এসংক্রান্ত গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। করোনা শনাক্তের কিট উত্পাদন, প্রতিষেধক তৈরির গবেষণাকে উত্সাহ দিতে হবে এবং এর জন্য বিশেষায়িত ল্যাবরেটরি তৈরি করতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, জাতীয় বাজেট পুনর্বিন্যস্ত করে করোনার মহাবিপর্যয় মোকাবিলার জন্য বাজেটে পর্যাপ্ত টাকা বরাদ্দ করতে হবে। এই বরাদ্দ থেকে ১০ হাজার কোটি টাকা হাসপাতাল, যন্ত্রপাতিসহ চিকিত্সা সরঞ্জাম, প্রতিকারের ওষুধের জন্য গবেষণা, চিকিত্সক-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী এবং তাদের জন্য বিমার সুবিধা, প্রণোদনা ইত্যাদি খাতে ব্যয় করতে হবে। সব জেলা হাসপাতালসহ সব সরকারি-বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত আইসিইউর ব্যবস্থা, রেসপিরেটর, ভেন্টিলেটর মেশিন ইত্যাদির ব্যবস্থা করতে হবে। করোনা পরীক্ষার জন্য দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে ‘বিশেষায়িত ল্যাব’ স্থাপন এবং এর জন্য প্রশিক্ষিত জনবলের সংখ্যা বাড়াতে হবে। শ্রমজীবী মানুষের জন্য বিনা খরচে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
সিপিবি আরো বলেছে, যত দ্রুত সম্ভব সেনা-সহায়তায় ক্ষুধার্ত ও অনাহারের আশঙ্কাসম্পন্ন পরিবারের তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের রেশন কার্ড দিয়ে আগামী তিন মাস বিনা মূল্যে তাদের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। এর জন্য কমপক্ষে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে।
