‘নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমানের বাড়ি ঘেরাও করে রেখেছে সেনাবাহিনী।’- ফেসবুকে প্রচারিত হওয়া এমন গুজবের বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই আসনের এমপি শামীম ওসমান। গতকাল শনিবার সন্ধ্যায় সাংসদের নিজ বাসভবন ফতুল্লার জামতলা এমপিভবনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। এই বাসভবনই সেনাবাহিনী ঘেরাও করেছে বলে ফেসবুকে গুজব ছড়ানো হয়েছে।
সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ইউরোপ এশিয়া মধ্যপ্রাচ্যসহ সরকারের বিভিন্ন সর্বোচ্চ দফতর থেকে আজ (শনিবার) সকাল হতে আমার কাছে ফোন আসছিল, জানতে চাওয়া হচ্ছিল শামীম ওসমানের বাড়ি সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে- এমন কথাসহ নানা গুজব সম্পর্কে। শামীম ওসমান সাংবাদিকদের বলেন, আমি ফেসবুক চালাই না। কারণ আমি তেমন একটা আইটি এক্সপার্ট নই। তিনি বলেন, ফেসবুকে একটা মেকি ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে যে, সেনাবাহিনীর সদস্যরা চারদিক থেকে গাড়ি নিয়ে এগুচ্ছে। সেখানে শামীম ওসমানসহ আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা-কর্মীদের নাম নিয়ে বলা হচ্ছে যে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করা হয়েছে। এসব মিথ্যা তথ্য দেওয়া হয়েছে যাতে ভোটাররা বিভ্রান্তিতে পড়েন। শামীম ওসমান বলেন, আমি দলের নির্দেশনা পেয়েই এই সংবাদ সম্মেলন করছি। যারা এই ভুয়া ভিডিও ছড়াচ্ছে তাদের ধিক্কার জানাই। এই ভিডিও ফুটেজ ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। গণমাধ্যম কর্মীদের সাহায্য কামনা করে তিনি বলেন, সারা দেশের মত নারায়ণগঞ্জেও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
