হোক স্বাস্থ্যকর ইফতার

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:০০

চলছে রমজান। আর এই সময়টাতে ইফতারের টেবিলে আমরা সবাই কমবেশি ভাজাপোড়া খেতে পছন্দ করি। কিন্তু এর বাইরেও কেবল সাদামাটা কয়েকটি আইটেম যদি একটু ভিন্ন ঢঙে সাজানো যায় তাহলে চমত্কার হয়ে উঠবে। ইফতারে এমনই কিছু স্বাস্থ্যসম্মত রেসিপি নিয়ে এই আয়োজন—

দই বড়া

 

উপকরণ :মাষকলাইয়ের ডাল ১ কাপ, বুটের ডালের বেসন সিকি কাপ, আদাবাটা সামান্য, জিরা গুঁড়া ১ চা চামচ, ভাজা মরিচ গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ইচ্ছামতো, তেঁতুলের পাল্প সিকি কাপ, টক দই আধা কেজি, চিনি স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চাট মসলা আধা চা চামচ।

প্রণালি :মাষকলাইয়ের ডাল ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এতে আদা বাটা, আধা চা চামচ করে জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে আবার ব্লেন্ড করে একটি পাত্রে নিন। এবার পরিমাণমতো পানি, লবণ ও বেসন মিশিয়ে ১ ঘণ্টা রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে পরিমাণমতো গোলা নিয়ে ডুবো তেলে ভেজে ১ লিটার পানিতে ১ চামচ লবণ দিয়ে তাতে রাখুন। অন্য একটি পাত্রে এই বড়াগুলো পানি চিপে তুলে রাখুন। এবার টক দই+গোলমরিচ গুঁড়া+জিরা গুঁড়া+চিনি+তেঁতুলের পাল্প+পুদিনা পাতা+বিট লবণ+চাট মসলা+মরিচ গুঁড়া+লবণ দিয়ে ব্লেন্ড করে বড়াগুলোর উপর ঢেলে দিন। ৩/৪ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার দই বড়া।

 

 

পাউরুটির ডিম চপ

 

উপকরণ :সিদ্ধ ডিম ৪টি, পাউরুটি ৬ স্লাইস, কাঁচা মরিচ কুচি ২টি, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, ময়দা আধা কাপ।

প্রণালি :কাঁচা মরিচ ও পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিন। এবার পাউরুটির সাইড কেটে পানিতে ডুবিয়ে চিপে পানি ঝড়িয়ে ভালো করে মেখে নিন। তারপর এর সাথে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মাখুন। এবার প্রতিটি সিদ্ধ ডিমের উপর মাখানো মিশ্রণের প্রলেপ দিয়ে ডিম ঢেকে দিন। তারপর শুকনা ময়দায় গড়িয়ে ফ্রিজে আধা ঘণ্টা রেখে তেলে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন।

 

 

বানানা শেক

 

উপকরণ :কলা ২টি, তরল দুধ ২ কাপ, চিনি পরিমাণমতো, রুহ্ আফজা ১ টেবিল চামচ, আইসক্রিম ৩ স্কুপ, বরফ কিউব ৩/৪টি।

 

প্রণালি :বরফ কিউব বাদে উপরের সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে বরফ কিউব দিয়ে পরিবেশন করুন।