বিএনপি ও জামায়াত ভোটের সময় সারাদেশে সহিংসতা করতে পারে -----------------এইচটি ইমাম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০০:৩৯

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম বলেছেন, আমাদের কাছে এমন খবর আছে, বিএনপি-জামায়াত জোট আজ রবিবার জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। সারা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টি করতে পারে। এমনকি ভুয়া ব্যালট পেপার ও ভুয়া বুথ তৈরি করে ভিডিও বানিয়ে গুজব সৃষ্টি করতে পারে তারা। গতকাল শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এইচটি ইমাম বলেন, সারাদেশে নৌকার পক্ষে ‘অভূতপূর্ব গণজোয়ার’ দেখে ভোট বানচালের চেষ্টা চালাতে পারে বিএনপি জোট। আমরা ইতিমধ্যে দেখেছি নোয়াখালীতে নির্বাচনকে বানচাল করার জন্য কিছু সরঞ্জাম পুলিশ জব্ধ করেছে। সেখানে স্থানীয় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আগাম অভিযোগপত্র প্রিন্ট করে রেখেছেন। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে এইচ টি ইমাম বলেন, বিএনপি হচ্ছে ফেক নিউজের চমত্কার যন্ত্র। তারা দিনে তিনবার প্রেস কনফারেন্স করে আর মিথ্যাচার চালায়। এইচটি ইমাম বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। এটি একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা নির্বাচন সংক্রান্ত সব কাজও স্বাধীনভাবে করছে।

‘আওয়ামী লীগই প্রশাসনকে ব্যবহার করে ভোট কারচুপির পরিকল্পনা করে রেখেছে, ব্যালট বাক্সও আগে থেকে ভরে রাখার ষড়যন্ত্র’ মর্মে ঐক্যফ্রন্টের অভিযোগের জবাবে এইচটি ইমাম বলেন, এটা হাস্যকর, কেননা ব্যালট বাক্সগুলো নির্বাচন কমিশন থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় তারা নিয়ে যাচ্ছেন। যেখান থেকে নেওয়া হচ্ছে, সেখানে আমাদের যাতায়াত তো দূরের কথা, প্রবেশাধিকারই নেই। কারা, কোথায় পাঠাচ্ছেন, কীভাবে পাঠাচ্ছেন, সেটা আমরা টেলিভিশনে দেখেছি। তাছাড়া স্বচ্ছ ব্যালট বাক্স তো পোলিং এজেন্টদের আগেই (ভোটগ্রহণ শুরুর আগে) দেখানো হবে। শান্তিপূর্ণ ও উত্সবমুখর পরিবেশে ভোট হবে বলে আশাবাদ জানিয়ে এইচ টি ইমাম বলেন, নৌকার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে বিজয় আমাদের সুনিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তাতে বলতে হয়— টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের দ্বারপ্রান্তে আওয়ামী লীগ। আজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে আসুন। সবাই ভোট দিন। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের নির্বাচন শুধু আওয়ামী লীগ কিংবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য নয়। গোটা বাঙালি জাতি ও গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা সংঘবদ্ধভাবে গেরিলা কায়দায় ভোট কেন্দ্রে গিয়ে কেন্দ্র দখলের হুমকি দিয়েছে। তারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উত্সবকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মসিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাবেক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি, এ বি এম রিয়াজুল কবির কাওছার  প্রমুখ উপস্থিত ছিলেন।