নিউজিল্যান্ড থেকে করোনা আপাতত নির্মূল হয়েছে

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:৫০

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানের দাবি

বিবিসি

নিউজিল্যান্ড দাবি করেছে, করোনা ভাইরাসের কম্যুনিটি সংক্রমণ বন্ধ করতে সমর্থ হয়েছে দেশটি। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা এক অঙ্কে নেমে আসে। রবিবার নতুন করে মাত্র একজন আক্রান্ত হন। এমন অবস্থায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বলেছেন, তার দেশ থেকে করোনা ‘আপাতত নির্মূল হয়েছে’।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অ্যাশলি ব্লুমফিল্ড বলেছেন, গত কয়েকদিনে নতুন আক্রান্তের সংখ্যা অনেক কমে আসায় ‘করোনা ভাইরাস দূর করার জন্য সরকার যে লক্ষ্য ঠিক করেছে, তা আমরা অর্জন করতে পেরেছি বলে আমাদের বিশ্বাস’। তবে মিস আর্ডান এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দুই জনই সতর্ক করেছেন, ভাইরাস নির্মূল হবার ঘোষণা দেওয়ার মানে এই নয় যে, দেশে করোনা ভাইরাস আক্রান্ত কেউ আর নতুন করে শনাক্ত হবেন না। আর্ডান বলেন, ‘নিউজিল্যান্ডে ব্যাপকহারে অ-শনাক্তকৃত কোনো কম্যুনিটি সংক্রমণ নেই। সেই যুদ্ধে আমরা জিতেছি।’

করোনা ভাইরাসের  প্রাদুর্ভাব শুরু হলে নিউজিল্যান্ডে যখন মাত্র ডজনখানেক রোগী শনাক্ত হন, তখনি দেশটি স্বাভাবিক কাজকর্ম এবং ভ্রমণে কঠোর বিধিনিষেধ আরোপ করে। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং দেশটিতে প্রবেশ করা সকল মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। এছাড়া কঠোর লকডাউন আরোপ করা হয় এবং নমুনা পরীক্ষার হার বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়।