করোনা মোকাবিলায় বিশ্বের ১৫০টির বেশি দেশকে একাই সহায়তা করেছেন এক ব্যক্তি। দেশে দেশে চিকিত্সা সরঞ্জাম পাঠানোর কারণে তিনি সবার থেকে আলাদা হয়ে উঠেছেন। তিনি হলেন চীনা ধনকুবের ব্যবসায়ী জ্যাক মা।
পৃথিবীর বিভিন্ন দেশের প্রযুক্তি খাতের ধনকুবেররা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জ্যাক মার থেকেও বেশি অর্থ জোগানোর প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ব্যক্তিগতভাবে অর্থ দান করছে, তাদের তালিকায় চীনের আলিবাবা আছেন ১২ নম্বরে। আর এই আলিবাবার কর্ণধারই হলেন জ্যাক মা। বিশ্ব মহামারির এই সময়ে নগদ অর্থের চেয়ে বেশি প্রয়োজন চিকিত্সা সরঞ্জামের। তালিকায় ১২ নম্বরে আলিবাবা গ্রুপের নাম থাকলেও একমাত্র জ্যাক মা, যাদের চিকিত্সা সরঞ্জাম প্রয়োজন তাদের কাছে সরাসরি তা পাঠাচ্ছেন। মার্চ মাস থেকে শুরু করে জ্যাক মা ফাউন্ডেশন এবং তার সহযোগী আলিবাবা ফাউন্ডেশন বিমানে করে আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলোতে, এমনকি ইরান, ইসরাইল, রাশিয়া এবং আমেরিকাতেও সরঞ্জাম পাঠিয়েছে। খবর বিবিসি বাংলার
আকর্ষণীয় ব্যক্তিত্ব জ্যাক মা চীনের বৃহত্তম প্রযুক্তি সংস্থা আলিবাবার প্রতিষ্ঠাতা। ২০১৮ সালে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে দাঁড়ান। তিনি বলেন, তিনি দানধ্যান নিয়ে থাকতে চান। কিন্তু আলিবাবার পরিচালনা বোর্ডে তার স্থায়ী পদ থেকে যায়। শুধু সম্পদ আর খ্যাতি নয়, মা চীনের অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তি। তিনি যে বিশাল দাতব্য কাজ করছেন, সেই সুনামের ভাগীদার চীন যে অনেকটাই হচ্ছে—তাতে কোনো সন্দেহ নেই।
