ডোমার (নীলফামারী) সংবাদদাতা
গত তিন দিনের বৃষ্টিতে নীলফামারীর ডোমার উপজেলার শাহ কলন্দর নদীর ওপর নির্মিত শাহ কলন্দর ব্রিজটি বিধ্বস্ত হয়ে পড়েছে। লাল পতাকা টাঙিয়ে চলাচলের নিষেধাজ্ঞা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। এতে ফার্মের হাট থেকে সোনারায় ও সোনারায় থেকে ফার্মের হাট চলাচলকারী প্রায় ১০ হাজার মানুষের চলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। তবে পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে কিছু মানুষ চলাচল করছে। এলাকাবাসী সাজ্জাদ চৌধুরী জয়, আহসান হাবিব লাব্বু জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে শাহ কলন্দর ব্রিজটি বিধ্বস্ত হয়ে পড়েছে। যে কোনো সময় ব্রিজটি নদীতে বিলীন হয়ে যাবে। আমরা এলাকাবাসী এখন অতিরিক্ত ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করছি। তারা জানান, ফার্মের হাট, বসুনিয়া, চওড়া, কলন্দর পাড়া, ধনীপাড়াসহ প্রায় ১২টি গ্রামের ১০ হাজার মানুষ এ ব্রিজ দিয়ে চলাচল করত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বৃষ্টির কারণে ব্রিজটির কিছু অংশ বিধ্বস্ত হয়েছে। যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে পায়ে হেঁটে চলাচল করা যাবে। তিনি জানান, উপজেলা প্রকৌশলী ব্রিজটি দেখে জানান, ব্রিজটি মেরামত করার মতো অবস্থায় নাই। নতুন করে আবার তৈরি করতে হবে। ব্রিজটি নতুন করে দ্রুত তৈরি করা হবে।
