প্রণোদনা চান জুয়েলারি ব্যবসায়ীরা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:২২

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের সাধারণ ছুটির কারণে দোকান বন্ধ থাকায় প্রণোদনা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ী ও এই শিল্পের শ্রমিকেরা। কর্মচারীদের বেতন-ভাতা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে একটি অংশ চেয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। গতকাল রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি জানিয়েছে, দেশে প্রায় ১৮ হাজার ছোটো-মাঝারি ও বড়ো আকারের জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্পের সঙ্গে ৮০ হাজার শ্রমিক এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৮ হাজার মানুষের জীবিকা জড়িত। দীর্ঘ ছুটির কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নাভিশ্বাস হওয়ার মতো অবস্থা। স্টাফদের বেতন ও দোকান ভাড়া দেওয়া এখন তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

প্রাচীন এই শিল্পকে বাঁচাতে হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ বিতরণ করা হলে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ অন্যান্য সমস্যা মোকাবিলা করতে পারবে।

এছাড়া নিম্ন আয়ের স্বর্ণশিল্পীদের রক্ষার্থে রেশন কার্ড বিতরণের মাধ্যমে রেশন সুবিধার আওতায় আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।