স্পোর্টস ডেস্ক
তার মতো বিধ্বংসী ব্যাটসম্যান কমই এসেছে ক্রিকেট বিশ্বে। যতদিন ছিলেন, বোলারদের রাতের ঘুম হারাম করেছেন এবি ডি ভিলিয়ার্স। তাই তার অবসরে স্বস্তি ফিরেছে বোলার মহলে, স্বীকার করছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড।
ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন হ্যাজেলউড। সেখানে জানিয়েছেন, মুখোমুখি হওয়া কঠিনতম ব্যাটসম্যানের নাম। তিনি হলেন স্বয়ং ডি ভিলিয়ার্স।
হ্যাজেলউড বলেন, ‘বিশ্ব জুড়ে এই মুহূর্তে আরো অনেক ব্যাটসম্যানই আছে। কিন্তু আমি অবশ্যই বলব এবি ডি ভিলিয়ার্স (মুখোমুখি হওয়া কঠিন ব্যাটসম্যান)। আমি খুশি যে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে।’
যদিও হ্যাজেলউডের এই স্বস্তি বিষাদে পরিণত হতে পারে কিছুদিনের মধ্যেই। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর ভেঙে ফেরার পরিকল্পনা করছেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক।
হ্যাজেলউড ৫১ টেস্ট খেলে ২৬.২০ গড়ে নিয়েছেন ১৯৫ উইকেট। ৪৮ ওয়ানডেতে ৭৮ উইকেট ২৫.৬৭ গড়ে। হ্যাজেলউড ও ডি ভিলিয়ার্স চারটি টেস্ট ম্যাচে খেলেছেন একে অপরের বিপক্ষে। একবার ডি ভিলিয়ার্সকে আউট করেছেন তিনি। ওয়ানডেতে ছয় বারের দেখায় বিধ্বংসী এই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন দুই বার।
