দুই দফা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গোপন করার দায়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের উমর আকমল। আইসিসির অ্যান্টি করাপশন কোডের ২.৪.৪ ও ২.৪.৫ ধারায় বলা আছে, যদি কোনো ক্রিকেটার বাজিকরদের কুপ্রস্তাব জানাতে ব্যর্থ হয়, তবে কমপক্ষে পাঁচ বছরের সাজা হবে। সেই হিসেবেই ‘বিতর্কিত’ এই ক্রিকেটারকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ২০ মার্চ আকমলের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী দুটি ধারা ভঙ্গের অভিযোগ আনে পিসিবি। এরপর গত ২০ ফেব্রুয়ারি থেকে তাকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ করা হয়। গতকাল তার শুনানি ছিল। আর শুনানি শেষে এক টুইটে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় পিসিবি।
