রেফারি তৈয়বের জার্সির মূল্য এখনই ৫ লাখ ছাড়িয়ে

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য নিলামে তোলা দেশের সাবেক তারকা রেফারি তৈয়ব হাসান বাবুর স্মরণীয় জার্সিটির দাম উঠেছে সাড়ে ৫ লাখ টাকার ওপর। তিনি জানিয়েছেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক ৫ লাখ ৫৫ হাজার টাকা দিয়ে সাফের ফাইনালের জার্সিটি সংগ্রহ করতে চেয়েছেন। ২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফের ফাইনালে ভারত ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান। তৈয়ব হাসান বাবুই দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি যিনি সাফের ফাইনাল পরিচালনা করে ইতিহাস গড়েছিলেন। এর আগে দক্ষিণ এশিয়ার বাইরের দেশের রেফারিরা ফাইনাল খেলা চালিয়েছেন। এখনো তাই হচ্ছে। যে কারণে ফিফার এই সাবেক রেফারি বাবু তার এই ঐতিহাসিক জার্সিটি নিলামে তুলেছেন দুস্থদের সহযোগিতা করার জন্য। বাবু বললেন, ‘আমি চাই হূদয়বান ব্যক্তি ধনাঢ্য ব্যক্তিরা যদি আরো বেশি দাম দিয়ে এগিয়ে আসেন তাহলে সহযোগিতাটা আরো ভালোভাবে করা যাবে।’