লা লিগার ফেরা নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:৩০

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের কারণে গেলো মাসের মাঝামাঝি থেকে স্থগিত আছে লা লিগা। স্পেনে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় লিগ কর্তৃপক্ষ প্রতিযোগিতাটিকে মাঠে ফেরানোর তোড়জোড় শুরু করে দিয়েছে। তবে সে চেষ্টা চলতি মৌসুমে সফলতার মুখ আদৌ দেখবে কি না সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইলা।

সম্প্রতি এক ভিডিও সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি বলতে পারব না কবে ফুটবল আবারও মাঠে ফিরবে, কিংবা আগামী গ্রীষ্মের আগে আদৌ ফিরবে কি  না। এখনই একটা পরিষ্কার কিছু বলে দেওয়া হঠকারি কিছুই হবে।’

লিগ মাঠে ফেরানোর জন্যে খেলোয়াড়দের আলাদাভাবে করোনা পরীক্ষার কথা উল্লেখ করেছে লিগ কর্তৃপক্ষ। তবে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, এতে সরকারের নীতিমালা লঙ্ঘনের সম্ভাবনা থেকে যায়। তিনি বলেন, ‘ফুটবলারদের আলাদাভাবে করোনা ভাইরাসের পরীক্ষা করার জন্য লা লিগার ভাবনাটা জানি আমরা। কিন্তু ফুটবলাররা সাধারণ মানুষের চেয়ে আলাদা কেউ তো নন! তাই আমার মনে হয় না তাদের আলাদা করে পরীক্ষা করানো উচিত। এটা যদি করাই হয় তবে সরকারের নীতিমালা ভঙ্গ করা হবে বলে মনে হয়।’

দলগুলোকে সামাজিক দূরত্বের নিয়ম মেনে অনুশীলনে ফেরার অনুমতি কিছুদিন আগেই দিয়েছে লা লিগা। এ সিদ্ধান্ত অবশ্য লিগ কর্তৃপক্ষ একা নেয়নি। গেল সপ্তাহে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদ ও রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত নিয়েছিল লা লিগা কর্তৃপক্ষ।