বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত পাটকলসমূহের শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে ১১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দকৃত অর্থ দিয়ে চলতি বছরের মার্চ ও এপ্রিলের মজুরি পরিশোধ করা হবে।
গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে প্রদান করা হবে। এই অর্থ শ্রমিকদের বকেয়া মজুরিখাত ব্যতিত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।
গত ২৬ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে জানানো হয়, আগামী ২০ বছরে ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে এ অর্থ পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে।
