আদা নিয়ে কারসাজি

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২২:৪৫

কারসাজির মাধ্যমে বেশি দামে আদা বিক্রির অপরাধে গতকাল সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

অভিযানে শ্যামবাজারের পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি আড়তে তদারকি করা হয়। এ সময় আদার মূল্য কারসাজির মাধ্যমে প্রতারণা করার অপরাধে পদ্মা বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মিতু বাণিজ্যালয়কে ২৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, কোনো কারণ ছাড়াই প্রায় দুই সপ্তাহ ধরে আদার দাম উর্ধ্বমুখী। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে গতকাল খুচরা বাজারে প্রতি কেজি আদা বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। অথচ এক কেজি আদার আমদানিমূল্য ১০০ টাকার বেশি নয়।