ভিজিএফের চাল আত্মসাতে শরীয়তপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:০০

ভিজিএফের ১ হাজার ৫৯০ কেজি চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপনসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক কমলেশ মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন—ঐ ইউপির তিন নম্বর ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারী। এদিকে, সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক অভিযানে ১ হাজার ৪৪০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও কামারখন্দ থানা পুলিশ। শেরপুরের নালিতাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে কার্ড নবায়নের কথা বলে অতিরিক্ত ১০০ টাকা করে আদায় করায় বাতিল করা হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং-এর স্বামীর ডিলারশিপ। পাবনার সাঁথিয়ায় তালিকায় নাম থাকার পরেও হতদরিদ্রদের ৬২৪ বস্তা চাল আত্মসাত্ হয়েছে গত চার বছরে। সংবাদদাতাদের পাঠানো খবর :

কামারখন্দ (সিরাজগঞ্জ) :সোমবার দুপুরে উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল উত্তরপাড়ার রফিকুলের বাড়ি থেকে ১০ বস্তায় ২৯০ কেজি সরকারি চাল উদ্ধার হয়েছে। এ সময় রুবি (৩৫) নামের এক নারী চাল ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রুবি ঝাঐল উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের প্রথম স্ত্রী। এ ব্যাপারে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, রুবিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সোলেমানের বাড়িতে সরকারি চাল মজুত রয়েছে এমন সংবাদের ভিত্তিতে গত বরিবার বিকালে অভিযান চালিয়ে তার ঘর থেকে ভিজিডির ২৬ বস্তায় ১ হাজার ১৫০ কেজি চাল জব্দ করা হয় । সোলেমান বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নালিতাবাড়ী (শেরপুর) : পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং তার স্বামী রিপন চিরানের নামে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করে আসছিলেন। গত ২৬ মার্চ এ বছরের প্রথম দফায় ও ৭ এপ্রিল দ্বিতীয় দফায় চাল বিক্রিকালে তার আওতায় থাকা ৬০০ কার্ডধারী উপকারভোগীর অধিকাংশের কাছ থেকে ৩০ কেজি চালের বিপরীতে ৩০০ টাকার সঙ্গে কার্ড নবায়ন বাবদ আরো ১০০ টাকা অতিরিক্ত আদায় করেন। বিষয়টি জানাজানি হলে প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কে এম নাসির উদ্দিনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাঁথিয়া (পাবনা) :চাল না পাওয়া হতদরিদ্ররা জেলা প্রশাসক ও র্যাব বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ওঠেছে, কাশিনাথপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বল্পমূল্যের চালের ডিলার আব্দুর রব ১৩ জন অভাবীকে চার বছর ধরে চাল থেকে বঞ্চিত করেছেন। ঐ বঞ্চিতরা গতকাল সকালে পাবনা জেলা প্রশাসক ও র্যাব অফিসে অভিযোগ জমা দিয়েছেন। তারা অভিযোগ করেন, চাল আনতে গেলে নকল তালিকা বের করে ভুয়া সিরিয়াল দেখিয়ে তাদের তাড়িয়ে দিত ডিলার।

অভিযোগের ব্যাপারে ডিলার রব জানান, আমার কাছে অভিযোগকারীদের কেউ চাল নিতে আসেনি। দীর্ঘ দিন তাদের চাল থেকে বঞ্চিত করে সে চাল কি করেছেন জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পর সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বিষয়টি দেখতে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদকে নির্দেশ দেন।