পুত্র ও পুত্রবধূর অস্ত্রের আঘাতে মায়ের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:০১

তারাগঞ্জে ছেলে ও পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে নূরবানু (৫২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে নূরবানুর স্বামী সামছুদ্দিন সরকার পুত্রবধূ তাসলিমা ও পুত্র নুরুজ্জামানকে অভিযুক্ত করে গতকাল থানায় মামলা করেছে। পুলিশ নুরুজ্জামান ও তাসলিমাকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার সয়ার ইউনিয়নের কাজীরহাট কলেজপাড়া গ্রামে বাড়ির চলাচলের একটি গাছ কাটাকে কেন্দ্র করে নুরুজ্জামাল ও তার স্ত্রী তাসলিমার সঙ্গে ঝগড়া বাঁধে মা নূরবানুর। এরই জেরে ঐদিন ধারালো অস্ত্র নিয়ে স্বামী-স্ত্রী নূরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। এ সময় নূরবানু বাঁধা দিতে গেলে তাকে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে গ্রামবাসীসহ বাড়ির অন্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় নূরবানুকে উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সাধীন অবস্থায় গতকাল তিনি মারা যান।

নূরবানুর স্বামী ও মামলার বাদী সামছুদ্দিন সরকার জানান, আমার ছেলে নুরুজ্জামান ও তার স্ত্রী তাসলিমা আমার স্ত্রী নূরবানুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি আমার ছেলে ও তার স্ত্রীকে আসামি করে মামলা করেছি। আমি খুনিদের বিচার দাবি করছি।

তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী বলেন, নুরজ্জামান ও তাসলিমাকে গ্রেফতার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।