তেল চুরির চেষ্টার অভিযোগে ঈশ্বরদীতে ট্রেনের চালকসহ তিন জন সাময়িক বরখাস্ত

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:০২

রেলের তেল চুরি চেষ্টার অভিযোগে ঈশ্বরদীতে ট্রেনচালক নাজমুল হোসেন, সহকারী ট্রেন চালক খাইরুল ইসলাম ও ট্রেন পরিচালক রোকনুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। পাকশী বিভাগীয় রেলওয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) আশিষ কুমার পাল বরখাস্তের ঘটনা নিশ্চিত করলেও তেল চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন।

জানা যায়, রবিবার রাতে মালবাহী ট্রেন  নিয়ে রাজশাহী হতে ঈশ্বরদীতে আসার পথে লোকমানপুর স্টেশন এলাকায় ইঞ্জিন থেকে তেল চুরি ও বিক্রির চেষ্টার সহযোগিতা এবং নিরাপত্তা বাহিনীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পাকশী  রেলওয়ে বিভাগীয় অফিস থেকে অভিযুক্ত তিন জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রেল শ্রমিক লীগ নেতা জাহাঙ্গির হোসেন জানান, সাদা পোশাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই জন সদস্য ইঞ্জিনে উঠতে চাইলে দায়িত্বরত চালকেরা নিয়ম অনুযায়ী বাধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে নিরাপত্তা বাহিনীর ঐ সদস্যরা তেল চুরির প্রচেষ্টার অভিযোগ করেন। কিন্তু ট্রেনটি ঈশ্বরদীতে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তেল পরিমাপ করা হলে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আশিষ কুমার পাল জানান, ঘটনার পরিপ্রক্ষিতে তাত্ক্ষণিকভাবে তিন জনকে সাময়িক বরখাস্ত করা হলেও তেল চুরির অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তেল চুরির অভিযোগ ছাড়াও রেলওয় নিরাপত্তা বাহিনীর আরো কিছু ঘটনার অভিযোগ রয়েছে। সেগুলো তদন্তের জন্য  তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে।