মিষ্টিকুমড়া ভর্তি ট্রাকে ফেনসিডিল গ্রেফতার দুই

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২৩:০৩

গোদাগাড়ীতে মিষ্টিকুমড়া ভর্তি ট্রাকে অভিনব কায়দায় ফেনসিডিল বহনের সময় ৪৭৪ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। গতকাল সোমবার গোদাগাড়ী পৌর সদর শহীদ ফিরোজ চত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুরপুর গ্রামের ট্রাকচালক সেলিম রেজা ইসমাইল ও আজিমতপুর রিফুজিপাড়া গ্রামের ট্রাকের হেলপার তরিকুল ইসলাম।

র্যাব-৫ রাজশাহীর কম্পানি অধিনায়ক এ টি এম মইনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, একটি ট্রাকে মিষ্টিকুমড়ার সঙ্গে ফেনসিডিল সাজিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হতে রাজশাহীর দিকে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর অপারেশন দল গোদাগাড়ী সদরে ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় তাদের ব্যবহূত তিনটি মোবাইল ফোন,  মিষ্টিকুমড়া ৪ হাজার ৪০০ কেজি, ট্রাক, ড্রাইভিং লাইসেন্স ও  নগদ ২ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা করা হয়েছে এবং তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।