চলমান করোনা ভাইরাসে সাধারণ ছুটির মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার আপগ্রেট করে বিশ্বমানের করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। গতকাল অনলাইনে এক সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন।
‘লকডাউন’ ঘোষণার আগে মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে যেত। তখন বিজ্ঞপ্তি দিয়ে সেবা কার্যক্রমও বন্ধ রাখতে হতো। এতে ভোগান্তিতে পড়তে হতো সেবাগ্রহীতাদের। ২০০৯-১০ সালে ইসির সার্ভারটি ইসলামিক ফাউন্ডেশন ভবনে স্থাপন করা হয়েছিল। সেটা নিজস্ব ভবনে স্থানান্তরসহ মানোন্নয়নে কাজ করছিল ইসি। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম অনলাইনে এনআইডি সংশোধনের বিষয়ে বলেন, ‘এটার জন্য একটু সময় লাগবে। তবে আবেদনের ভিত্তিতে সেটা সমাধান হলো কি না, তা জানিয়ে দেওয়া হবে। অনেক আবেদন পেন্ডিং ছিল, যারা অধিকতর তথ্য, প্রমাণ সরবরাহ করেছেন, তাদের আবেদনের কাজ করা হচ্ছে। এছাড়া অনলাইনে নতুনরা ভোটার হওয়ার জন্যও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন করতে পারবেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে অফিসও করব।’ সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্বাচন কমিশনও প্রথমবারের মতো অনলাইনে সংবাদ সম্মেলন করল। এতে ইসির এনআইডি শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
