সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
বাংলাদেশে এই প্রথম মালবাহী ট্রেনের ব্রেক ভ্যানে সোলার প্যানেল (সৌরশক্তি) ব্যবহার করা হবে। এর অংশ হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়াগন র্যাকের (বহর) তিনটি গার্ড ব্রেক ভ্যানে স্থাপন করা হচ্ছে সৌরশক্তি প্রযুক্তি।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্র জানায়, পণ্য পরিবহন ট্রেনের (গুড্স) পেছনে জুড়ে দেওয়া থাকে ওই ব্রেক ভ্যান। ওই ভ্যানে বসে রেলওয়ে গার্ড ট্রেনটি পরিচালনা করে থাকেন। এতোদিন ওই ব্রেক ভ্যানে সনাতন প্রযুক্তি ব্যবহার হতো। একটি ব্রেক ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহারের কোনো সুযোগ ছিল না। গার্ডদের মানবিক দিক বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ সৌরশক্তি ব্যবহারের সুযোগ সৃষ্টি করেন।
সরজমিনে সৈয়দপুর রেলওয়ে কারখানায় দেখা যায়, এর উপ-কারখানা ক্যারেজ শপ, ওয়াগনশপ ও ট্রেড লাইটিং শপের শ্রমিকরা ব্রেক ভ্যান আধুনিকায়ন কাজে ব্যস্ত রয়েছে। প্রতিটি ব্রেক ভ্যান সংস্কারে ব্যয় হচ্ছে তিন লাখ টাকা। প্রাথমিক পর্যায়ে তিনটি ব্রেক ভ্যানে সৌরশক্তি ব্যবহারে উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে এসব সংস্কারের কাজ শুরু হয়েছে।
রেলওয়ে কারখানার ওয়াগন শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ( এসএসএই) আব্দুল হান্নান জানান, দেশের পণ্যবাহী ট্রেনের ব্যাপক উন্নয়ন হলেও পিছিয়ে ছিল ওয়াগন চলাচল ব্যবস্থা। ব্রেক ভ্যানে সোলার প্যানেল ব্যবহারের ফলে এর আধুনিকায়ন শুরু হলো। ক্যারেজ শপের ইনচার্জ (এসএসএই) আবুহেনা দিলশাদ করিম জানান, আমাদের শ্রমিকরা অনেক মনোযোগ দিয়ে কাজ করছেন। ওয়াগন পরিচালনার ক্ষেত্রে ব্রেক ভ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আধুনিকায়ন করে চলাচল দ্রুত ও সহজ করা হচ্ছে।
সৈয়দপুরে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই খুদা জানান, ব্রেক ভ্যানে সৌরশক্তি স্থাপন আমাদের জন্য নতুন কাজ। তবে এজন্য আমরা উজ্জীবিত। রেলওয়ের ব্যাপক উন্নয়ন হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহারে বিকল্প নেই। উপরের নির্দেশ পেলে সকল পণ্য পরিবহনের ব্রেক ভ্যান সৌরশক্তির আওতায় আনা হবে।
