করোনায় কানাডায় মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০০:২৬

কানাডায় করোনায় ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২ হাজার ৫৬০ জন। আক্রান্তের মধ্যে মৃতের হার শতকরা ১৩ ভাগ। ফলে কানাডিয়ানদের মধ্যে আতঙ্ক বাড়ছে। প্রতিদিন গড়ে শতাধিক মানুষ মারা যাচ্ছে। কোভিড-১৯-এ কানাডায় প্রথম মারা যার ৮ মার্চ, ভ্যাংকুভারে। করোনা ভাইরাস ছড়ানোর শুরু থেকেই কানাডায় নানা ধরনের প্রস্তুতি এবং পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু অনেকেই লকডাউনের নিয়ম-নীতি মানছেন না। টরন্টোতে অনেককেই বিকালে দল বেঁধে পার্কে যেতে দেখা যায়। সেজন্য মেয়রের পদক্ষেপে পার্কগুলো ‘সিলগালা’ করে দেওয়া হয়।

দেশটির সর্বশেষ তথ্য মোতাবেক আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬৪৮ জন, সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩২১ জন এবং সাত জন বাংলাদেশিসহ মৃত্যু ২ হাজার ৫৬০ জন। এদের মধ্যে সর্বোচ্চ কুইবেকে ১ হাজার ৫১৫ এবং অন্টারিওতে ৮৩৫ জন।

এদিকে অর্থনীতি চাঙ্গা করার চিন্তায় সরকার জরুরি বিধিনিষেধ শিথিল করার প্রক্রিয়া ও পরিকল্পনা তৈরি করছে। এরই মধ্যে ব্রিটিশ কলম্বিয়া এবং সাসকাচুয়ান প্রদেশ দুটি তাদের পরিকল্পনার কথা প্রকাশ করেছে।