রমজানে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন বিএনপিকে ড. হাছান মাহমুদ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০০:৩৫

পবিত্র রমজানে বিষোদগার ও মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে অনলাইনে দেওয়া বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

ড. হাছান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবিলায় মানুষের জীবনরক্ষা, খাদ্য সহায়তাদান ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশের বেশি প্রণোদনা ঘোষণাসহ যেসব পদক্ষেপ নিয়েছেন, তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড ইকোনমিক  ফোরাম ও বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসও প্রধানমন্ত্রীর এসব কর্মকাণ্ডের প্রশংসা করেছে। কিন্তু আমরা দেখছি, বিএনপি তাদের বিষোদগারের রাজনীতি পরিহার করতে পারেনি এবং রবিবার রিজভী সাহেব যে ভাষায় কথা বলেছেন, আমি তাকে অনুরোধ জানাব, রমজান মাসে কথাবার্তায় একটু সংযমী হবার জন্য’।

আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং দলের পক্ষ থেকে যে কমিটি করার কথা বলা হয়েছে, তারা দলের এই ত্রাণ বিতরণ  করছে। এরই মধ্যে লাখ লাখ মানুষের কাছে ত্রাণ  পৌঁছানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।