নিজের নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটারদের ভোগান্তি এড়াতে ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেবেন ঢাকার সিটি কলেজ কেন্দ্রে। আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ জন্মস্থান কিশোরগঞ্জের মিঠামইনের ভোটার। জনদুর্ভোগ এড়াতে দশম সংসদ নির্বাচনেও ভোট দেননি তিনি। এবারও রাষ্ট্রপতির কার্যালয়ে যোগাযোগ করলে একই কথা জানা যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি মিঠামইনের ভোটার। কিন্তু তিনি ভোট দিতে গেলে তার নিরাপত্তা নিশ্চিত করতে যে আয়োজন করা হয়, তা ওই এলাকার বা কেন্দ্রের ভোটারদের ভোগান্তির কারণ হতে পারে। এ কারণেই তিনি ভোট দিতে যাবেন না।
