মানসম্মত না হওয়ায় করোনা ভাইরাসের পরীক্ষায় চীনের কিট ব্যবহার বন্ধ করে দিয়েছে ভারত। আর ভারতের এমন কর্মকাণ্ডকে অন্যায় বলে দাবি করেছে চীন।
গতকাল সোমবার ভারতের মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, তারা চীনের পাঠানো করোনা পরীক্ষার কিট ফেরত দেয়ার পরিকল্পনা করছে। এ নিয়ে ভারতের চীন দূতাবাসের মুখপাত্র জিন রং একটি বিবৃতিতে বলেন,চীনের পণ্যকে ত্রুটিপূর্ণ বলে চালিয়ে দেয়া এবং এই ব্যাপারগুলোকে পূর্ব ধারণা দিয়ে বিচার করা নির্দিষ্ট ব্যক্তির কাছে অন্যায় এবং কাণ্ডজ্ঞানহীন কাজ।
বিবৃতিতে জি রং আরো বলেন, শুধু ভারতই না চীন ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে কিট এবং মেডিক্যাল পণ্য পাঠিয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে ভারত চীন থেকে প্রায় পাঁচ লাখ করোনা পরীক্ষার কিট আনার সিদ্ধান্ত নেয়। তবে দেশটির দাবি এই কিটগুলো সঠিক ফলাফল দিতে পারছে না। এ নিয়ে চীন দাবি করছে ভারতের পেশাদারিত্বের অভাবের কারণেই তারা সঠিক ফল পাচ্ছে না।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৫১ জন। মারা গেছেন ৯৩৯ জন।
ইত্তেফাক/এআর
