করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু, বাড়ি লকডাউন

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৫:০১

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ৪ পরিবারকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বামনী ইউনিয়নের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এরপর দুপুর ১২ টায় তাকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বাহারুল আলম বলেন, ‘গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে এসে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। তার পা ফুলে যায়। এ সংবাদ পেয়ে ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়। এরপর আজ মঙ্গলবার ভোরে তিনি মারা যান। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরো পড়ুন: দেশে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত ৫৪৯, মৃত্যু ৩

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম