এবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নিজ বাসা কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে থাকাবস্থায় তিনি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে তার পরিবারের অন্য চার সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের তৃতীয় বর্ষে অধ্যয়নরত।
নিজের করোনা ভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করে ওই শিক্ষার্থী বলেন, কয়েকদিন আগে ঢাকা ফেরত ডিএমপিতে কর্মরত পুলিশ সদস্য আমার মামা আমাদের বাসায় এসেছিলেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার খবর শোনার পর আমাদের পরিবারের সবাই করােনা টেস্ট করি। গতকাল জানতে পারি পরিবারের ৫জনেরই করোনা পজেটিভ এসেছে। তবে এখনো কেউ গুরুতর অসুস্থ হয়নি। বাসা লকডাউন করা হয়েছে। আমরা সবাই এখন বাসায় অবস্থান করছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড ফরহাদ হােসাইন বলেন, আমি বিষয়টি জানি না, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি এখনো। কোনো দরকারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দেখবো।
ইত্তেফাক/কেকে
