আজ ঝালকাঠির দুই বিচারক হত্যার কলঙ্কিত দিন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ২২:১১

ঝালকাঠি প্রতিনিধি

আজ ১৪ নভেম্বর দুই বিচারক হত্যার কলঙ্কিত দিন। ২০০৫ সালের আজকের এই দিনে ঝালকাঠির পূর্ব চাঁদকাঠি এলাকায় জেএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য মামুন আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে নিহত হন।

তবে এক যুগ পর হলেও বিধ্বস্ত গাড়িটি সংরক্ষণ এবং দুর্ঘটনা স্থলে স্মৃতিফলক নির্মাণ করা হয়। তবে ঝালকাঠিবাসীর দাবি এই দিনটিকে সরকারিভাবে বিচারক হত্যা দিবস ঘোষণা করা হোক।

ওইদিন ঘটনাস্থলেই আহত অবস্থায় ধরা পড়ে হামলাকারী জেএমবি সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন। এরপর আটক হয় পরিকল্পনাকারী বাংলা ভাইসহ জেএমবির শীর্ষ নেতারা। ঝালকাঠিতে এনে তাদের উপস্থিতিতে জেলা জজ আদালতে চাঞ্চল্যকর এ মামলার বিচারকার্য চলে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে ওই মামলায় বাংলাভাইসহ সাত শীর্ষ জঙ্গি নেতাকে ফাঁসির আদেশ দেন।